কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রচার সম্পাদক পদে খোকন আলীর গণসংযোগ অব্যাহত
- আপডেট সময় : ০৬:৪৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পদের প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এরই অংশ হিসেবে প্রচার সম্পাদক পদপ্রার্থী ও সংগঠনের সাবেক নেতা মো. খোকন আলী সদস্যদের সমর্থন ও ভোট প্রত্যাশায় গণসংযোগ এবং প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
প্রার্থীর পক্ষ থেকে জানানো হয়, ইউনিয়নের বিভিন্ন রুট, স্ট্যান্ড ও শ্রমিকসমাগমস্থলে লিফলেট ও পোস্টার বিতরণের পাশাপাশি সদস্যদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর নির্বাচনী প্রচারণা অব্যাহত রয়েছে।
মো. খোকন আলী বলেন, “শ্রমিকদের আস্থা ও সমর্থন নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। সদস্যদের ভোটে নির্বাচিত হলে শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের কল্যাণে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, শ্রমিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সংগঠনের সেবামূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে চান। এজন্য তিনি ইউনিয়নের সকল সদস্যের দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট কামনা করেন।
এদিকে, ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি, সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদকসহ বিভিন্ন পদে একাধিক প্রার্থী ইতোমধ্যে প্রচারণা শুরু করেছেন। নির্বাচন ঘিরে শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং ভোটারদের সমর্থন আদায়ে প্রার্থীরা নানামুখী প্রচার কার্যক্রম পরিচালনা করছেন।
















