পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ জেলা পুলিশের উদ্ধার ১০১টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর
- আপডেট সময় : ০৩:১৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
নওগাঁ জেলা পুলিশের ধারাবাহিক প্রযুক্তিনির্ভর তৎপরতায় হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই ২০২৬) সকালে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর প্রত্যক্ষ নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে গত জুন মাসজুড়ে জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা (ডিবি) শাখার সমন্বিত অভিযানে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ, প্রবীণ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে উদ্ধার হওয়া ১০১টি মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর নিজের হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জেলা পুলিশের এ জনবান্ধব উদ্যোগের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে বক্তব্যে পুলিশ সুপার বলেন, বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর যুগে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ব্যক্তিগত, পারিবারিক, শিক্ষাগত ও পেশাগত যোগাযোগের ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে নওগাঁ জেলা পুলিশ আনন্দিত ও গর্বিত।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে এবং হারানো মোবাইল উদ্ধারে নওগাঁ জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
















