নওগাঁয় তারুণ্যের দীপ্ত অঙ্গীকার: মাদক ও সাইবার অপরাধমুক্ত সমাজ ও পরিবার গঠনে জেলা পুলিশ ও র্যাবের সচেতনতামূলক মতবিনিময়
- আপডেট সময় : ০৭:৩০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
মাদক, সামাজিক অপরাধ ও টিনএজ সাইবার ক্রাইম প্রতিরোধে তরুণ প্রজন্মকে সচেতন করতে নওগাঁ সরকারি কলেজে শিক্ষার্থীদের নিয়ে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “নওগাঁয় তারুণ্যের দীপ্ত অঙ্গীকার: মাদক ও সাইবার অপরাধমুক্ত সমাজ ও পরিবার” শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।
মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সভায় প্রজেক্টরের মাধ্যমে তথ্যসমৃদ্ধ পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করে পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বর্তমান সময়ে মাদক, সামাজিক অপরাধ এবং সাইবার অপরাধ তরুণ সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও পুরো সমাজকে বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং এর কুফল সম্পর্কে সবাইকে সচেতন করা সময়ের দাবি।” তিনি তরুণদের মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
বক্তব্যে পুলিশ সুপার বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার, অনলাইন প্রতারণা, সাইবার বুলিং, পর্নোগ্রাফির ঝুঁকি এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে তিনি শিক্ষার্থীদের, বিশেষত ছাত্রীদের, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত বা অতি-ব্যক্তিগত ছবি ও তথ্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেন। পাশাপাশি বিকাশসহ বিভিন্ন ডিজিটাল আর্থিক সেবার মাধ্যমে সংঘটিত প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, কোনো ধরনের অনলাইন হয়রানি, ব্ল্যাকমেইল বা সাইবার প্রতারণার শিকার হলে বিষয়টি গোপন না রেখে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে হবে।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এ সচেতনতামূলক মতবিনিময় সভায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ, সাইবার নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করেন। পুলিশ সুপার তাদের প্রশ্নের উত্তর দেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন ও মতামত প্রদানকারী কয়েকজন শিক্ষার্থীকে পুরস্কৃত করেন।
সভার শেষে শিক্ষার্থীরা মাদক, সামাজিক অপরাধ ও সাইবার অপরাধের বিরুদ্ধে সচেতন থেকে আইন মেনে চলা, দায়িত্বশীল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষক-প্রতিনিধিবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, র্যাব-৫, সিপিসি-৩ (জয়পুরহাট)-এর কোম্পানি কমান্ডার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালকসহ জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।















