পোরশায় অটোরিকশা ও স্টিয়ারিং গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ৩, একজন রামেকে রেফার
- আপডেট সময় : ০৭:৩২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
নওগাঁর পোরশা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও একটি স্টিয়ারিং গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার কুশোরপাড়া মোড় থেকে সারাইগাছীগামী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— বদলগাছী উপজেলার কামালপুর গ্রামের মো. মেহেদী হাসান (৪০), পোরশা উপজেলার সারাইগাছী এলাকার মোহাম্মদ তোতা ইসলাম (৩০) এবং নৈশাহার গ্রামের মোহাম্মদ সেলিম রেজা (৩০)।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
চিকিৎসক জানান, আহত মেহেদী হাসানের ডান পা ভেঙে গেছে এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুই আহত ব্যক্তি পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। স্থানীয়রা সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে চালকদের আরও সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন।















