দেড় যুগ ধরে অযত্ন-অবহেলা: নওগাঁ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সড়কে চরম দুর্ভোগে হাজারো মানুষ
- আপডেট সময় : ০৩:৪১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
নওগাঁ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নাপিতপাড়া মোড় থেকে পালপাড়া ব্রিজ মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। পিচ ও পাথর উঠে গিয়ে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় খানাখন্দ ও গভীর গর্ত। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ ও ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো পথচারী ও যানবাহনের চালক।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দেড় যুগেরও বেশি সময় ধরে সড়কটির কোনো টেকসই সংস্কার হয়নি। বছরের পর বছর ধরে বিভিন্ন জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কারের আশ্বাস দিলেও বাস্তবে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দিন দিন সড়কটির অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠেছে।
এলাকাবাসী জানান, ভাঙাচোরা সড়কের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি এবং নারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বৃষ্টির সময় গর্তে পানি জমে যাওয়ায় কোথায় গর্ত আর কোথায় রাস্তা—তা বোঝা কঠিন হয়ে পড়ে। এতে দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়।
স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়ে বলেন, এটি শুধু একটি ওয়ার্ডের নয়, আশপাশের বহু মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ পথ। তাই আর বিলম্ব না করে সড়কটি অনতিবিলম্বে চলাচলের উপযোগী করার জন্য নওগাঁ পৌরসভা, স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ট দপ্তর এবং এলাকার সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।















