সংবাদ শিরোনাম ::
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে পাবনায় প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৫৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ৩১৬ বার পড়া হয়েছে
বৈষম্য দুর করে প্রাথমিক সহকারি শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন পাবনার ফরিদপুর উপজেলার শিক্ষকরা। পরে তারা ইউএনও’র মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় ফরিদপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের আয়োজন করে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ, ফরিদপুর উপজেলা শাখা।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, অষ্টম শ্রেণী পাশ একজন সরকারি কর্মচারী, গাড়ি চালক তারা শিক্ষকদের চেয়ে বেশি বেতন পায়। অথচ অনার্স-মাস্টার্স পাশ করে প্রাথমিকের শিক্ষকরা ১৩ তম গ্রেডের বেতন পান। এটা চূড়ান্ত অসম্মানজনক। এই বৈষম্য দূর করতে হবে। যেহেতু শিক্ষকরা মানুষ ও জাতি গড়ার কারিগর, সেকারণে তাদের জীবনমান উন্নয়নেও সরকারকে নজর দিতে হবে। তাই বর্তমান অন্তর্বতী সরকারের কাছে প্রাথমিক সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন করার জোর দাবি জানান তারা।
মানববন্ধনে প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন, আশরাফুল আলম, গোলাম মওলা, আবু লাইস জাইদী, সহকারি শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন, রাশেদুজ্জামান নাছির, মুহাম্মদ রহমতুল্লাহ, আসাদুল হক, নুরুজ্জামান, মাহমুদ, রানা ইসলাম, মেহেদি ইসলাম প্রমুখ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন শিক্ষকরা।















