দুই দিনব্যাপী চবিতে হবে জাতীয় বিতর্ক উৎসব
- আপডেট সময় : ০৪:৩৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ৩১৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)‘বৈচিত্র্যে শক্তি, একতাই সৃজনশীলতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে চবির কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) উদ্যোগে আগামী ২৫ ও ২৬ অক্টোবর আয়োজিত হতে যাচ্ছে জাতীয় বিতর্ক উৎসব।
বুধবার(২৩ অক্টোবর) দুপুর আড়াইটায় চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান আয়োজকরা।
লিখিত বক্তব্য পাঠ করেন সিইউডিএসের সভাপতি মারজুক ই ইলাহী। তিনি বলেন, দুই দিনব্যাপী প্রতিযোগিতায় প্রতি টিমে ৩ জন করে মোট ১৪৪ জন বিতার্কিক থাকবেন। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটসহ সারাদেশ থেকে প্রায় অর্ধশতাধিক প্রতিষ্ঠানের বিতার্কিক দল এতে অংশগ্রহণ করবে।
উৎসবের প্রথম দিনে চার পর্বের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া দ্বিতীয় দিন সমাপনী অনুষ্ঠানসহ উৎসবের বাকি অংশ অনুষ্ঠিত হবে। উৎসবের সমাপনী অনুষ্ঠান ব্যবসায় শিক্ষা অনুষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিতর্ক উৎসবের আহ্বায়ক ও সিইউডিএসের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমন, যুগ্ম আহ্বায়ক ও সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজিউর রহমান আরিফ, প্রেস অ্যান্ড পাবলিকেশন সম্পাদক মেহেদী হাসান মাহিম, ইভেন্ট অ্যান্ড লজিস্টিকস সম্পাদক আব্দুল্লাহ চৌধুরী, মিডিয়া ও পাবলিক রিলেশন সম্পাদক সাদেকু মুজতবা মাহী।
















