কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রথম পর্বে নির্মিত ৬ অজুখানা উদ্বোধন
- আপডেট সময় : ০২:৪২:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ও ওয়ামী (World Assembly of Muslim Youth – WAMY) এর অর্থায়নে মসজিদ সংলগ্ন অজুখানা নির্মাণ প্রকল্পের প্রথম পর্বের কাজ সম্পন্ন হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে সনমানিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্মিত মোট ৬টি অজুখানার উদ্বোধন করেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেনসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সালাউদ্দিন আইউবী জানান, “বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলায় মোট ৩৩টি অজুখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে। প্রথম পর্যায়ে ৬টির কাজ সম্পন্ন হয়েছে এবং বাকিগুলোর কাজ দ্রুত শেষ করা হবে ইনশাআল্লাহ।”
প্রথম পর্যায়ে যে ৬টি অজুখানা নির্মিত হয়েছে সেগুলো হলো— সনমানিয়া ইউনিয়নের বটতলা জামে মসজিদ, আড়াল উত্তর পাড়া জামে মসজিদ, মির্জানগর মসজিদ, দক্ষিণ গাঁও মহিলা মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদ, দক্ষিণগাঁও টানপাড়া জামে মসজিদ ও সালদৈ ফাজিল মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদ।
কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সার্বিক তত্ত্বাবধানে ও স্থানীয় সহযোগিতায় নির্মিত এসব অজুখানা উদ্বোধনের মাধ্যমে এলাকায় মুসল্লিদের নামাজের পূর্ব প্রস্তুতি গ্রহণে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।














