নওগাঁ জেলার মান্দার জয়পুর শংকরপুর সড়ক পাকাকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- আপডেট সময় : ১০:৩১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭৮ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দা উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জয়পুর-শংকরপুর সড়ক পাকাকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের জয়পুর থেকে শংকরপুর পর্যন্ত সড়ক পাকাকরণ এবং শংকরপুর থেকে পলাশবাড়ি সড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে এবং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. মখলেছুর রহমান কামরুল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিম, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, শিক্ষক নেতা আনিসুর রহমান, নাসির উদ্দিন সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের জনগণ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, জয়পুর-শংকরপুর সড়ক পাকাকরণের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, কৃষি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে এবং স্থানীয় জনগণের চলাচলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
















