নওগাঁ রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:২৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
সনাতন হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে নওগাঁ জেলার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি রথযাত্রা উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠানসমূহ নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পুলিশের গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে উপস্থিত নেতৃবৃন্দকে অবহিত করেন।
এ সময় তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতামত, পরামর্শ ও বিভিন্ন বিষয় মনোযোগসহকারে শ্রবণ করেন। অংশগ্রহণকারীরা রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, শোভাযাত্রার রুট এবং সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।
তিনি আরও বলেন, সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। রথযাত্রা উৎসব যেন আনন্দ, উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
















