নওগাঁয় নারীকে গলা ও পেটে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি! ভেকু চালকের সম্পৃক্ততার অভিযোগ, তদন্তে পুলিশ
- আপডেট সময় : ০৮:৪৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ১১১ বার পড়া হয়েছে
নওগাঁর বদলগাছী উপজেলায় রেবা বেগম (৩০) নামে এক নারীকে গলা ও পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ৮ জুলাই ২০২৬, বুধবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে বদলগাছী থানার কোলা ইউনিয়নের পারআধাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত রেবা বেগম ধামইরহাট উপজেলার ঘোরকিন গ্রামের মৃত তারা উদ্দিনের মেয়ে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারআধাইপুর গ্রামের বুড়া কালী মন্দিরের উত্তর পাশে আদিবাসী উজ্জ্বলের বাড়ির নিকটে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় রেবা বেগমকে। দুর্বৃত্তরা তার গলা ও পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে বদলগাছী থানায় খবর দেন।
খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নির্দেশনায় পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত রেবা বেগমকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে নওগাঁ সদর হাসপাতালে রেফার করেন।
স্থানীয় নির্ভরযোগ্য সূত্রের দাবি, এ ঘটনার সঙ্গে ভেকু চালক সৌখিন নামে এক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে কালী মন্দিরসংলগ্ন একটি পুকুর খননের কাজ করছিলেন। তবে হামলার প্রকৃত কারণ এবং অভিযুক্তের সম্পৃক্ততা এখনো নিশ্চিত নয়।
ঘটনার পর এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বদলগাছী থানা পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
















