নারী শিক্ষিকাকে হেনস্তার অভিযোগ: মান্দার আলোচিত শিক্ষক জিয়ার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
- আপডেট সময় : ১১:১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দা উপজেলার পরানপুর উচ্চ বিদ্যালয়ের নারী শিক্ষিকাকে হেনস্তার অভিযোগে আলোচিত গণিত শিক্ষক জিয়াউর রহমানের বিরুদ্ধে অবশেষে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্তের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। একই সঙ্গে বিধি অনুযায়ী তাকে দুই দফা কারণ দর্শানোর (শোকজ) নোটিশও প্রদান করা হয়েছে।
জানা গেছে, গত ২১ জুন ভুক্তভোগী নারী শিক্ষিকা অভিযুক্ত শিক্ষক জিয়াউর রহমানের বিরুদ্ধে মান্দা থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগের পর থেকে ওই শিক্ষক পলাতক রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, “অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নিয়ম অনুযায়ী অভিযুক্ত শিক্ষককে দুইবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষী প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।
















