নিতপুর–পঞ্চগড় রুটে বিআরটিসির এসি বাস চলাচলের উদ্বোধন
- আপডেট সময় : ০৯:৪৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১২৪ বার পড়া হয়েছে
নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর থেকে পঞ্চগড় রুটে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)-এর শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নতুন এই বাস সার্ভিস চালুর ফলে সীমান্তবর্তী এ অঞ্চলের মানুষের যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল ইসলাম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন। পরে অতিথিদের নিয়ে বিআরটিসির নতুন এসি বাসের উদ্বোধনী যাত্রা অনুষ্ঠিত হয়। বাসটির চূড়ান্ত গন্তব্য পঞ্চগড় হলেও উদ্বোধনী সফরে সুতরইল পর্যন্ত ভ্রমণ করা হয়।
উদ্বোধনী যাত্রায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেকের শৈশবের হাট-মেলার স্মৃতি ফিরিয়ে আনতে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী বালুশাই ও গোলাপজাম, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
স্থানীয়রা জানান, নিতপুর–পঞ্চগড় রুটে বিআরটিসির এসি বাস চালুর ফলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ যাত্রীদের যাতায়াত আরও নিরাপদ, আরামদায়ক ও সহজ হবে। একই সঙ্গে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
স্থানীয় জনগণ বিআরটিসি কর্তৃপক্ষকে এ উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও যাত্রীসেবার মান আরও উন্নত করার আহ্বান জানান।
















