নির্বাচন ও সংবিধান সংস্কার নিয়ে চবিতে রোববার সভা
- আপডেট সময় : ০৪:৪৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ৩২৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘নির্বাচন ও সংবিধান সংস্কার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে আগামী রোববার। সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে এটি আয়োজন করছে রাষ্ট্রচিন্তা নামের একটি সংগঠন।
বুধবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান আয়োজকরা।
এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রচিন্তা চবির সভাপতি এমবি ফররুখ হোসেন রিফু, সহ-সভাপতি সাদিয়া আফরোজ তৃণা এবং কার্যকরী সদস্য ইখলাস বিন সুলতান ও তৌহিদুল ইসলাম সাকিব।
আলোচনায় নির্বাচন নিয়ে আলোচনা করবেন চবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্হিয়া আখতার, রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা করবেন চবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ও দারুল উলুম আলিয়া মাদরাসা চন্দনপুরার শিক্ষক মুহম্মদ মুনির উদ্দিন।
এছাড়া সংবিধান নিয়ে আলোচনা করবেন রাজনৈতিক বিশ্লেষক ড. জাহেদ উর রহমান এবং সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রীম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি এমবি ফররুখ হোসেন বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের জন্য জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি ও এ বিষয়ে খোলামেলা আলোচনা করতে চাই। একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
















