পোরশায় বিএনপি নেতা মাইদুর মেম্বার হত্যা মামলায় আসামি বাদ দেওয়ার অভিযোগে বিক্ষোভ
- আপডেট সময় : ০৭:১৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
নওগাঁর পোরশা উপজেলায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইদুর মেম্বার হত্যা মামলার কয়েকজন আসামিকে চার্জশিট (অভিযোগপত্র) থেকে বাদ দেওয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।
শুক্রবার বিকেলে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি উপজেলা শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইদুর মিম্বারকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত মূল আসামিদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে অথবা অন্যায়ভাবে পুলিশের দাখিল করা চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। এতে তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা বলেন, তারা এই চার্জশিট কোনোভাবেই মেনে নেবেন না। তারা অবিলম্বে মামলাটির সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে বাদ পড়া আসামিদের পুনরায় চার্জশিটে অন্তর্ভুক্ত করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি উপেক্ষিত হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক অংশ নেন।
















