“ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন”
- আপডেট সময় : ০২:৫২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
“দুর্যোগে ঝুঁকি হ্রাসে সবার জন্য জ্ঞান ও প্রস্তুতি” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ শহরের প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হারায়রা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. রেজাউল করিম, ফায়ার সার্ভিসের ময়মনসিংহ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা পূর্ণ চন্দ্র মুসুদ্দি, ফায়ার সার্ভিস ময়মনসিংহ স্টেশনের অফিসার জুলহাস উদ্দিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, ডিআইও-১ জসিম উদ্দিন, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. চাঁন মিয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের প্রধান সহকারী আলমগীর হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও প্রস্তুতির বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগে প্রাণ ও সম্পদের ক্ষতি কমাতে প্রতিটি নাগরিককে প্রশিক্ষিত ও সচেতন হতে হবে।
পরে বিদ্যালয়ের মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক একটি বাস্তব মহড়া অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।














