মান্দার নবগ্রাম খামরুপাড়া জামে মসজিদের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত
- আপডেট সময় : ১০:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দা উপজেলার মান্দা ইউনিয়নের নবগ্রাম গ্রামের খামরুপাড়া জামে মসজিদের শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের মাননীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। এ সময় তিনি নবনির্মিত মসজিদের উদ্বোধন উপলক্ষে এলাকাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, একটি মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সামাজিক ঐক্য ও শান্তির শিক্ষা দেওয়ার অন্যতম কেন্দ্র। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সরকার দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে কাজ করে যাচ্ছে। মসজিদভিত্তিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধের চর্চা এবং সামাজিক উন্নয়নের মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা ও মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।















