সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ভাষার ব্যবহার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
- আপডেট সময় : ০৫:১৯:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
নওগাঁকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করা এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অশালীন ভাষায় মানুষকে গালিগালাজ ও অপমানজনক মন্তব্য করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে জেলার বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের সীমা অতিক্রম করে নিয়মিত অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহার করছেন, যা সামাজিক শৃঙ্খলা ও পারস্পরিক সম্মানবোধের পরিপন্থী। সচেতন মহলের মতে, এ ধরনের আচরণ শুধু ব্যক্তি পর্যায়েই নয়, নওগাঁ জেলার ভাবমূর্তির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সচেতন নাগরিকরা মনে করেন, মতপ্রকাশের স্বাধীনতা সবার সাংবিধানিক অধিকার। তবে সেই স্বাধীনতার অপব্যবহার করে কাউকে হেয়প্রতিপন্ন করা, অপমান করা বা অশালীন ভাষা ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে, সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সুস্থ, শালীন ও দায়িত্বশীল পরিবেশ বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানানো হয়েছে।















