উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহে মহাসপ্তমীর পূজা
- আপডেট সময় : ০৪:১১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২০৩ বার পড়া হয়েছে
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী পূজা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) সকালে নবপত্রিকা স্থাপনের মধ্য দিয়ে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা শুরু হয়।
এসময় ঢাক-ঢোল, কাঁসর, ঘণ্টা, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও চণ্ডিপাঠের মাধ্যমে পূজার আয়োজন সম্পন্ন করেন পুরোহিতরা। ভক্ত-অনুরাগীরা দেবী দুর্গার আরাধনা, অঞ্জলি প্রদান ও প্রসাদ গ্রহণে ব্যস্ত সময় কাটান।
ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় মোট ৭৮১টি পূজামণ্ডপে মহাসপ্তমীর পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শহরের প্রতিটি পূজামণ্ডপ ও নগরীর গুরুত্বপূর্ণ স্থানে করা হয়েছে ব্যাপক আলোকসজ্জা ও তোরণ নির্মাণ।
পঞ্জিকা মতে, এ বছর দেবী দুর্গা গজে (হাতি) চড়ে মর্ত্যলোকে আগমন করেছেন, যা শস্যপূর্ণার প্রতীক। তবে বিদায়ের সময় দেবী দোলায় (পালকি) গমন করবেন, যা মড়ক ও প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনার ইঙ্গিত বহন করছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ভক্তরা দেবীর কাছে ব্যক্তিগত ও সার্বিক কল্যাণ, সুখ-শান্তি এবং দেশের সমৃদ্ধি কামনা করেছেন।
















