কাহালু-নন্দীগ্রামের ৩ শিক্ষা প্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবনের জন্য ৪ কোটি ৫০ লাখ টাকার বরাদ্দ অনুমোদন
- আপডেট সময় : ১০:৫২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৯০ বার পড়া হয়েছে
কাহালু ও নন্দীগ্রাম উপজেলার শিক্ষা অবকাঠামোর উন্নয়নে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবন নির্মাণের জন্য প্রতিটি প্রতিষ্ঠানের অনুকূলে ১ কোটি ৫০ লাখ টাকা করে মোট ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন সংসদ সদস্য মোশারফ হোসেন।
অনুমোদনপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো— কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের উচল বাড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, কালাই ইউনিয়নের কালাই রাজবাটী দাখিল মাদ্রাসা এবং নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার হাইস্কুল অ্যান্ড কলেজ।
এ বিষয়ে এমপি মোশারফ হোসেন বলেন,
“আমার নির্বাচনী ইশতেহার ছিল কাহালু-নন্দীগ্রামকে একটি শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যেই শিক্ষা খাতের উন্নয়নে কাজ শুরু হয়েছে।”
তিনি আরও বলেন, “একটু অপেক্ষা করুন। পর্যায়ক্রমে কাহালু ও নন্দীগ্রামের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের জোয়ার বইবে, ইনশাআল্লাহ।”
স্থানীয় শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন একাডেমিক ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষা কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে। একই সঙ্গে সরকারের এ উদ্যোগ কাহালু ও নন্দীগ্রামের শিক্ষা অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও এ ধরনের উন্নয়ন প্রকল্পের আওতায় এলে কাহালু ও নন্দীগ্রাম সত্যিকার অর্থেই একটি আধুনিক ও মানসম্মত শিক্ষানগরী হিসেবে গড়ে উঠবে।
















