নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশাচালক বাবার মৃত্যু, ছেলে পলাতক
- আপডেট সময় : ০৭:১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে
নওগাঁ শহরের বনানীপাড়া এলাকায় মাদকাসক্ত ছেলের মারধরে মহাতাব সরকার (৬২) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সুমন ঘটনার পর থেকে পলাতক রয়েছে। সোমবার ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে সুমন মাদকাসক্ত হয়ে পড়েন। এরপর থেকেই পরিবারে প্রায়ই কলহ-বিবাদ লেগে থাকত। মাদকের কারণে এক বছর আগে তার স্ত্রী সুমা তাকে ছেড়ে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতে চলে যান। কয়েক দিন আগে তিনি বাড়িতে ফিরে এলে আবারও পারিবারিক বিরোধ শুরু হয়।
রোববার দিবাগত রাত প্রায় ১২টার দিকে সুমন বাবার পাশে গিয়ে শুয়ে পড়েন। ঘুম না আসায় বাবা মহাতাব সরকার ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া পড়ছিলেন। এ সময় সুমন ক্ষিপ্ত হয়ে বাবাকে ঘর থেকে টেনে উঠানে নিয়ে যান। সেখানে কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে একটি ইট দিয়ে মাথায় আঘাত করলে মহাতাব সরকার গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা এগিয়ে এলে সুমন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে মহাতাব সরকারকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সুমন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
















