নওগাঁর পত্নীতলার ঐতিহাসিক ঘুকসি বিলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
- আপডেট সময় : ০৪:৫৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে
নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের নান্দাশ গ্রামের ঐতিহাসিক ঘুকসি বিল এখন প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু মানুষের অন্যতম আকর্ষণ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিলটির মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত দর্শনার্থী এখানে ভিড় জমাচ্ছেন।
দিগন্তজোড়া জলরাশি, মৃদুমন্দ বাতাসে দুলতে থাকা সবুজ প্রকৃতি এবং চারপাশজুড়ে বিস্তৃত বনবাগানের অপরূপ পরিবেশ ঘুকসি বিলকে দিয়েছে অনন্য সৌন্দর্য। শহরের কোলাহল ও যান্ত্রিক জীবন থেকে কিছুটা স্বস্তি খুঁজতে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে অনেকেই ছুটে আসছেন এই মনোরম স্থানে।
বিশেষ করে বিকেলের সময় বিলের শান্ত পানিতে নৌভ্রমণ, সবুজে ঘেরা পরিবেশ এবং নির্মল বাতাস দর্শনার্থীদের মুগ্ধ করছে। প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে আগত দর্শনার্থীদের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠছে পুরো এলাকা।
স্থানীয়দের মতে, ঐতিহাসিক এই বিল ও এর আশপাশের প্রাকৃতিক বনাঞ্চল দীর্ঘদিন ধরেই এলাকার অন্যতম দর্শনীয় স্থান। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এর নৈসর্গিক সৌন্দর্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ঘুকসি বিল নতুন করে পরিচিতি লাভ করেছে এবং এটি বর্তমানে নওগাঁর অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, দর্শনার্থীদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা পর্যটকদের পরিচ্ছন্নতা বজায় রাখা, ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলা এবং বিল ও বনাঞ্চলের পরিবেশ সংরক্ষণে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।















