নওগাঁর বদলগাছীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বন্দ্বে শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার অভিযোগ
- আপডেট সময় : ০১:৩৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১১২ বার পড়া হয়েছে
নওগাঁর বদলগাছী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও লাবণ্য প্রভা গার্লস স্কুলের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব ও সমন্বয়হীনতার কারণে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহলের দাবি, দুই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিরোধের নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষার্থীদের ওপর।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে দুই প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিরোধ চলে আসছে। সম্প্রতি এসএসসি পরীক্ষার্থীদের বিভিন্ন ধরনের ভোগান্তির ঘটনাও এ বিরোধের প্রভাব হিসেবে দেখা দিয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের মতে, শিক্ষকদের পারস্পরিক মতপার্থক্য বা প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম কোনোভাবেই ব্যাহত হওয়া উচিত নয়। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের মাধ্যমে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন, শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এদিকে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এলাকার সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুলের নেতৃত্বে বদলগাছী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু ও ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তারা ব্যক্তিগত দ্বন্দ্ব পরিহার করে শিক্ষার্থীদের ভবিষ্যতের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
















