নওগাঁর মহাদেবপুরে জামায়াত কর্মীর বাড়ি থেকে ৩শ বস্তা সার উদ্ধার
- আপডেট সময় : ০৮:১৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১৩৭ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামে এক জামায়াত কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৩০০ বস্তা সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০০৬ সালের সার ব্যবস্থাপনা আইনে ওই ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা সার সরকারি অনুকূলে জব্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ জুলাই) রাতে মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের আব্দুল লতিফের বাড়িতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ। অভিযানে বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ৩০০ বস্তা সার উদ্ধার করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে সার মজুদ করার দায়ে ২০০৬ সালের সার ব্যবস্থাপনা আইনে আব্দুল লতিফকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং উদ্ধারকৃত সার সরকারি অনুকূলে জব্দ করা হয়।
অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা হুসাইন মুহম্মদ এরশাদ ও মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক উপস্থিত ছিলেন।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অবৈধভাবে সার মজুদ করে কৃষকদের কাছে বিক্রি করে আসছিলেন।
















