পঞ্চাশ বছরের যত্নে লালিত কৃষিজমি এখন ময়লার ভাগাড়
- আপডেট সময় : ১২:৩৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে
পঞ্চাশ বছর ধরে নিজের সন্তানের মতো আগলে রেখেছিলেন জমিটি। সেই জমিই একসময় ছিল বৃদ্ধ কৃষক মো. আব্দুস সাত্তার মণ্ডলের জীবিকা ও বেঁচে থাকার শেষ সম্বল। কিন্তু আজ সেই জমির চিত্র সম্পূর্ণ ভিন্ন।
নওগাঁর ধামইরহাট উপজেলার সাহাপুর মৌজায় লিজ নেওয়া কৃষিজমিটি এখন আর ফসলের সবুজে ভরে ওঠে না। বাজারের ময়লা-আবর্জনা ফেলার স্থান হিসেবে ব্যবহৃত হওয়ায় জমিটি পরিণত হয়েছে দুর্গন্ধযুক্ত বর্জ্যের ভাগাড়ে। যেখানে একসময় ধানসহ নানা ফসলের আবাদ হতো, সেখানে এখন পচা বর্জ্যের স্তূপ জমে রয়েছে।
বৃদ্ধ কৃষক মো. আব্দুস সাত্তার মণ্ডল জানান, দীর্ঘ পাঁচ দশক ধরে তিনি এই জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেছেন। কিন্তু বর্তমানে বাজারের বর্জ্য ফেলার কারণে জমিটি চাষের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এতে তিনি যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তেমনি মানসিকভাবেও ভেঙে পড়েছেন।
স্থানীয়দের দাবি, কৃষিজমিতে বর্জ্য ফেলা বন্ধ করে দ্রুত জমিটি পরিষ্কার করা এবং কৃষকের ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
















