পাবনার তিন উপজেলায় একটিতে পুরাতন, দুইটিতে নতুন মুখ
- আপডেট সময় : ০১:৫৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ২৯০ বার পড়া হয়েছে
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে পাবনার সুজানগর উপজেলা পরিষদে আব্দুল ওহাব, সাঁথিয়া উপজেলা পরিষদে সোহেল রানা খোকন এবং বেড়া উপজেলা পরিষদে রেজাউল হক বাবু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (৮ মে) রাতে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তারা তাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন।
সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুজানগর পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওহাব (মোটরসাইকেল) ৬২ হাজার ৭৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীন (আনারস) পেয়েছেন ৫৮ হাজার ৪৪২ ভোট।
এর আগে বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। এই তিন উপজেলায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট হওয়ায় ভোটারদের মাঝে বাড়তি উৎসাহ উদ্দীপনা কাজ করেছে। ভোটার উপস্থিতি ছিল কম, তবে সুজানগর উপজেলায় ভোটার উপস্থিতি ছিল তুলনামুলক বেশি।
তিনটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী ১৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ১৪ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৮ জন। সুজানগর উপজেলায় মোট ১০ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সাঁথিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং বেড়া উপজেলায় মোট ১৭ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
সাঁথিয়া উপজেলায় ভোটকেন্দ্র ছিল ৯৩টি। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ২৬১ জন। এর মধ্যে পুরুষ – ১ লাখ ৬৪ হাজার ৮৫৬ জন আর মহিলা ১ লাখ ৫৬ হাজার ৪০৪ জন। তৃতীয় লিঙ্গ ১ জন। বেড়া উপজেলায় ভোটকেন্দ্র ছিল ৬৮টি। মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৬ হাজার ১৫২ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ১৫ হাজার ৪১৮ জন। মহিলা ১ লাখ ১০ হাজার ৭ লাখ ৩৪ জন এবং সুজানগর উপজেলায় ভোটকেন্দ্র ছিল ৭২টি। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ১১৯ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ২৬ হাজার ৫ জন মহিলা ১ লাখ ১৮ হাজার ১১৩ জন। তৃতীয় লিঙ্গ ১ জন।















