বগারা খাল উচ্ছেদে প্রশাসনের অভিযান হোসেনপুরে
- আপডেট সময় : ১০:০৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ২৫৯ বার পড়া হয়েছে
দৈনিক নয়া সংবাদ, দৈনিক ইনকিলাব, ভোরের কাগজ ও দৈনিক গোমতীর বার্তাসহ একাধিক জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে বগারা খাল দখল নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজি নাহিদ ইভা ও সহকারী কমিশনার (ভূমি) এবং পৌর প্রশাসক মাহসী মাসনাদ এর নেতৃত্বে জীনারি ও সিদলা ইউনিয়নের দখলকৃত খালের অংশে অভিযান পরিচালিত হয়।
উপজেলার প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ বগারা খালের মধ্যে সিদলা ইউনিয়নের ৭০০ মিটার অংশ প্রভাবশালীরা ফিসারিজ প্রকল্পের জন্য দখল করে রেখেছিল। এছাড়া জীনারি ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় খাল দখল করে দোকানপাট ও মার্কেট নির্মাণ করা হয়। অভিযানকালে প্রশাসন দখলকৃত বিভিন্ন স্থাপনায় লাল নিশান টানিয়ে এবং নোটিশ বোর্ড ঝুলিয়ে দেয়। দ্রুত খাল ছাড়তে না পারলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর “খাল দখলের প্রতিযোগিতা: সেচ সংকটে বিপাকে হোসেনপুরের কৃষক” শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে উপজেলা প্রশাসনের নজরে আসে বিষয়টি। পরে দখলমুক্ত করতে প্রশাসন মাঠে নামে।
















