সংবাদ শিরোনাম ::
ভেঙে দেয়া হলো দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি
বিশেষ প্রতিনিধি:
- আপডেট সময় : ০৪:০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ৩৯৫ বার পড়া হয়েছে
দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি ভেঙে দেয়া হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০২৪ এর ৬৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্দেশনা প্রদান করা হলো।’
এতে আরও বলা হয়, জেলা পর্যায়ে জেলা প্রশাসক অথবা তার মনোনীত প্রতিনিধিকে এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতির দায়িত্ব প্রদান করা হলো।
এছাড়া মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বা তার মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব প্রদান করা হলো। পুনরাদেশ না দেয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন।















