মধ্যরাতে পোরশা-সরাইগাছি-আড্ডা-গোমস্তাপুর আঞ্চলিক সড়ক পরিদর্শনে পুলিশ সুপার
- আপডেট সময় : ০৮:৩৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
নওগাঁ জেলার পোরশা উপজেলার সরাইগাছি–আড্ডা–গোমস্তাপুর আঞ্চলিক সড়কে মধ্যরাতে ডমিনেন্ট পেট্রোলিং কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সড়কের নিরাপত্তা ব্যবস্থা, রাতের টহল কার্যক্রম এবং যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে জেলা পুলিশের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি চালকদের কাছ থেকে সড়কের নিরাপত্তা সংক্রান্ত মতামত ও পরামর্শও গ্রহণ করেন।
এ সময় বিভিন্ন পরিবহনের চালক ও যাত্রীরা জানান, জেলা পুলিশের নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রমের কারণে রাতের বেলায় এ গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কে চলাচলে স্বস্তি ও নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে। তারা নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ডমিনেন্ট পেট্রোলিং ও বিশেষ নজরদারি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
















