রাজশাহীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবলীগ কর্মী হত্যা
- আপডেট সময় : ০৯:২৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ৩২০ বার পড়া হয়েছে
রাজশাহীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মীম (২৫) নামে এক যুবলীগের কর্মীকে হত্যা করা হয়েছে ।
শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রক্তাক্ত অবস্থায় ওই যুবলীগ কর্মীকে জরুরি বিভাগের সামনে ফেলে রেখে চলে যান অজ্ঞাত ব্যক্তিরা। রামেক হাসপাতালের ট্রলি ম্যানরা তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২নং ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন। পরে রাত সোয়া ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মীমের মৃত্যু হয় । নিহত মীম রাজশাহী রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মোমিন।
পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছুরিকাঘাতে নিহত ওই যুবলীগ কর্মীকে রক্তাক্ত জখম অবস্থায় ফেলে রেখে চলে যান দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি (তদন্ত) তাজমুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, নিহত মীম যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করতে এরইমধ্যে মাঠে নেমেছে পুলিশ।জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
















