সাতকানিয়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা
- আপডেট সময় : ০৮:১৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ৩১১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের ছদাহা বিল এবং বাজালিয়া ইউনিয়নের মাহালিয়ার বিল নামক স্থানে বিশাল এলাকা জুড়ে ফলন হচ্ছে শীতকালীন বিভিন্ন সবজি। এসব এলাকায় বেগুন, মরিচ, মুলা, করলা, বরবটি, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, শিম, লালশাক সহ বিভিন্ন শাক-সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। মৌসুমের তুলনায় আগাম সবজির দাম বেশি হওয়ায় অধিক লাভবান হওয়ার আশায় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ফসিল মাঠে কঠোর পরিশ্রম করছেন তারা।
সরেজমিনে দেখা যায়, কৃষকদের মধ্যে কেউ কেউ মাঠে সেচ দিচ্ছেন আবার কেউ বাজারে বিক্রি করার জন্য ক্ষেত থেকে শাক-সবজি তুলছেন, অনেকে নতুন করে শীতকালীন সবজির চারা রোপণেও ব্যস্ত সময় পার করছেন।
বাজালিয়া এলাকার কৃষক নুর মোহাম্মদ বলেন, প্রতি বছর আমরা সবজি চাষ করে থাকি এখানে পচুর শিম চাষ করা হয়েছে, এছাড়াও চাষাবাদ হচ্ছে বিভিন্ন রকম শীতকালীন সবজির,মাহালিয়া বিলে ১০০ একরের বেশি জায়গায় শীতকালীন সবজি চাষ করেন বলে জানান তারা।
ছদাহা বিলের কৃষক আবদুর রহমান জানান,আবহাওয়া অনুকূলে থাকায় স্বল্প সময়ে শীতকালীন সবজির আগাম চাষ করে অধিক লাভবান হওয়ার সপ্ন দেখছেন তারা। এখানে চাষাবাদ হচ্ছে ফুলকপি, বাঁধাকপি,শিম, মুলা সহ শীতকালীন শাক সবজি। এসব সবজি শিশুতলা বাজার ও পদুয়া বাজারে বিক্রি করেন তারা, এছাড়াও চট্টগ্রাম ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পেও যায় এ সব সবজি।এই এলাকায় তিন শতাধিক পরিবার কৃষি নির্ভর বলে জানান তারা।
সাতকানিয়া উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান জানান, বাজালিয়া মাহালিয়া বিলের ধারে প্রায় ২৫ একর(১০ হেক্টর) এবং ছদাহা বিলে প্রায় ২০০ একর(৮০ হেক্টর)জমিতে সবজি চাষ হয়। সেখানে টমেটো, বেগুন, মরিচ, লাউ, মিষ্টিকুমড়া, বাধাঁকপি, ফুলকপি, শিম ইত্যাদি সবজি চাষ হয়। কৃষি অফিস থেকে বাজালিয়া ইউনিয়নে প্রায় ১৫০ জন এবং ছদাহা ইউনিয়নে ২৪০ জন কৃষককে সবজির পুনর্বাসন কর্মসূচির আওতায় সবজির বীজ, সার ও পরিচর্যার জন্য মোবাইল ব্যাংকিং একাউন্টে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
















