১৯ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির মধ্যে হুইলচেয়ার বিতরণ
- আপডেট সময় : ০৯:৩৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গনে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জীবনমান উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি এবং সমাজে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে পাবনায় বিনামূল্যে বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং জেলা প্রশাসন, পাবনার যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ১৫টি হুইলচেয়ার, ২টি ট্রাইসাইকেল, ৪টি হিয়ারিং এইড ও ২টি ফোল্ডিং ওয়াকার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহমর্মিতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সরকার ধারাবাহিকভাবে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। এ ধরনের সহায়ক উপকরণ শুধু তাদের দৈনন্দিন চলাচল সহজ করে না, বরং আত্মনির্ভরশীলতা, মর্যাদা ও সামাজিক অংশগ্রহণও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইতোমধ্যে পাবনা জেলার ৯টি উপজেলায় জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহায়তায় ৮৭টি হুইলচেয়ার, ৩টি ট্রাইসাইকেল, ২টি ফোল্ডিং ওয়াকার, ৪টি অক্সিলারি ক্রাচসহ বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
















