৯ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার শাহিদা আক্তার
- আপডেট সময় : ০৫:৫০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
দীর্ঘ প্রায় ৯ বছর পলাতক থাকার পর অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেন সাজাপ্রাপ্ত আসামি মোছাঃ শাহিদা আক্তার। নাটোরের লালপুর থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযানে রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন আলমনগর মহাদেবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের পর বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে নাটোরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন লালপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ।
পুলিশ সূত্রে জানা যায়, অর্থ ঋণ সংক্রান্ত একটি মামলায় নাটোরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত মোছাঃ শাহিদা আক্তারকে ১ (এক) বছর সশ্রম কারাদণ্ড এবং ৬,১০,০০০ (ছয় লক্ষ দশ হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। পাশাপাশি, অর্থদণ্ড অনাদায়ে আরও ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই এসএম গোলাম মোর্শেদের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। এ সময় তার সঙ্গে ছিলেন এএসআই মোহাম্মদ রায়হান ফেরদৌস, এএসআই মোঃ নাহিদ হাসানসহ সঙ্গীয় ফোর্স। অভিযানে গত (০১ জুলাই) রাতে আনুমানিক ১১টা ৪৫ মিনিটে রংপুর মহানগরীর আলমনগর মহাদেবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে আইনকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম পলাশ বলেন, “দীর্ঘদিন পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আইন থেকে কেউই পালিয়ে থাকতে পারে না—তারই আরেকটি উদাহরণ এই গ্রেফতার। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
















