আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন রাষ্ট্রপতিপুত্র আরশাদ আদনান রনি
- আপডেট সময় : ০৫:১৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ৪৬৩ বার পড়া হয়েছে
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ (সদর) আসনে নৌকার মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর ছেলে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আরশাদ আদনান রনি।
শহরের সাহাবুদ্দিন চুপ্পু পার্ক (জুবলি ট্যাংক) সংলগ্ন নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি।
আরশাদ আদনান রনি বলেন, আমি পাবনা-৫ আসন থেকে নৌকার কান্ডারি হওয়ার ইচ্ছে পোষণ করছি। আমি পাবনাবাসীদেরকে জানাতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি পাবনা-৫ (সদর) আসনে মনোনয়ন চাইব এবং তিনি মনোনয়ন দিলে পাবনার মানুষের জন্য কাজ করতে পারব।
রাষ্ট্রপতিপুত্র বলেন, রাষ্ট্রপতি হওয়ার পরপরই পাবনার মানুষের জন্য আমার বাবা কাজ করে যাচ্ছেন। তিনি তার সবোচ্চটুকু পাবনার মানুষের জন্য নিবেদিত করেছেন, এমনকি তিনি একমাত্র সন্তানকেও পাবনার মানুষের জন্য বলি করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘তুমি পাবনায় যাও এবং পাবনার মানুষের জন্য কাজ শুরু কর।’ আমার বাবা আমাকে বলে দিয়েছেন যে, ‘আমি তো পাবনায় থেকে পাবনার মানুষের জন্য কাজ করতে পারলাম না, প্রধানমন্ত্রী আমাকে সারা বাংলাদেশের মানুষের জন্য কাজের দায়িত্ব দিয়েছেন, তাই এখন তুই (রনি) যা পাবনার মানুষের কাছে, দেখ পাবনার মানুষ তোকে গ্রহণ করে কিনা।’ সেই জন্য আমি পাবনায় কাজ শুরু করেছি।
নিজের রাজনৈতিক সম্পৃক্ততার ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ছাত্রজীবন থেকেই আমি ছাত্রলীগ এবং পরবর্তীতে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। মাঝে ব্যবসায়িক কারণে একটু দূরে ছিলাম। বর্তমানে আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। যেহেতু আমি আওয়ামী পরিবারের সন্তান এবং পাবনার ছেলে তাই আমার দাবির একটা জায়গা তো আছে।
তিনি বলেন, ইতোমধ্যে আমি পাবনাবাসীর ব্যাপক সাড়া পেয়েছি। আমি চেষ্টা করব পাবনায় আওয়ামী লীগকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে কাজ করতে। আমার কাজ হবে নৌকাকে জয়যুক্ত করার। আমি যদি নৌকা নাও পাই যিনি নৌকার মনোনয়ন পাবেন তার পক্ষেই কাজ করব ইনশাআল্লাহ।
এ সময় তিনি পাবনা-ঢাকা ট্রেন চলাচল, পাবনা মেডিকলে কলেজ হাসপাতাল, শহরকে আধুনিকায়ন ও ইছামতি নদী পুনঃখননসহ নানা উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন।
মতবিনিময় সভায় পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ, পাবনা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রাজিউর রহমান রুমি, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।












