আদালতের রায় কার্যকর না করায় নওগাঁর মহাদেবপুর ইউএনওকে শোকজ
- আপডেট সময় : ০৭:৪১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের একটি মামলায় আদালতের রায় কার্যকর না করায় নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন আদালত। আদালত অবমাননার দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ১০ আগস্টের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. মোনাদিন হক গত ২৩ জুলাই এ আদেশ দেন। পরে ২৭ জুলাই আদেশে স্বাক্ষর করেন।
আদালত সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার দোহালী গ্রামের বুলবুলি চৌধুরী একই গ্রামের মিন্টু কুমার মণ্ডলের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৯ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০২৩ সালের অক্টোবরে মিন্টু কুমার মণ্ডলের কাছ থেকে ০.০২২৫ একর জমি ক্রয় করে নামজারি ও খাজনা পরিশোধ করলেও তিনি জমির দখল বুঝিয়ে দেননি।
মামলার শুনানি শেষে গত ২৩ মে আদালত মিন্টু কুমার মণ্ডলকে ছয় মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। একই সঙ্গে ১৫ কার্যদিবসের মধ্যে নালিশি জমির দখল ফরিয়াদি বুলবুলি চৌধুরীকে বুঝিয়ে দিতে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।
আদালতের আদেশের কপি গত ৭ জুন ইউএনও কার্যালয়ে পৌঁছালেও প্রায় দেড় মাস অতিবাহিত হওয়ার পরও নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ করেন ফরিয়াদি। তিনি জানান, বারবার অনুরোধ করেও জমির দখল বুঝে পাননি।
বিচারক তার আদেশে উল্লেখ করেন, নির্ধারিত সময়ের মধ্যে আদালতের নির্দেশ বাস্তবায়ন করে আদালতকে অবহিত করার কথা থাকলেও ইউএনও তা করেননি, যা আদালত অবমাননার শামিল। এ কারণে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ১০ আগস্টের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ বলেন, “আদালতের চিঠি পেয়েছি। জবাব প্রস্তুত করা আছে। নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে তা দাখিল করা হবে।”















