তাবলিগ জামাতের সাদপন্থী সন্ত্রাসীদের বিচার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ
- আপডেট সময় : ১১:১৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ২৫৫ বার পড়া হয়েছে
তাবলিগ জামাতের সাদপন্থী সন্ত্রাসীদের বিচার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি ) জুম্মার নামাজের পর মহানগরীর সাহেববাজার বড় মসজিদ চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়, সোনাদীঘি মোড় প্রদক্ষিণ করে বড় মসজিদের সামনে এসে মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওলামা মাশায়েখ ও তাওহীদি জনতা’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরপন্থীরা অংশগ্রহণ করেন। তারা গত ১৯ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় চারজন নিহতের ঘটনায় দ্রুত বিচারের দাবি জানান।
সমাবেশ থেকে পাঁচটি দাবি তুলে ধরা হয়। এগুলো হলো- অতি দ্রুত সময়ের মধ্যে হত্যাকান্ডের সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করা, গ্রেফতারকৃত সন্ত্রাসীদের জামিন আবেদন বাতিল করা, দিল্লীর মাওলানা সাদ’কে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা, সাদপন্থীদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে সকল কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করা এবং সকল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম পরিচালনায় প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা।
বিক্ষোভ সমাবেশে উপশহর মারকাজ মসজিদের সভাপতি মাওলানা আব্দুল মালেক, সূরা সদস্য হাফেজ মাওলানা আব্দুল্লাহ তালহা, হেফাজতে ইসলামের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মো. ইমরান আলী, কাটাখালি জামিয়া উসমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জামাল উদ্দিন মাহমুদ, কেশরহাট জামে মসজিদের খতিব মাওলানা মোজাফফর হোসেন সহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।













