নওগাঁয় শিক্ষক নিহতের পর সিলগালা হওয়া সেই ‘বিবিসি ব্রিকস’ ফের চালুর তোড়জোড়, ক্ষুব্ধ এলাকাবাসী
- আপডেট সময় : ০৬:৫৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
শিক্ষক নিহতের ঘটনায় আন্দোলনের মুখে বন্ধ ও সিলগালা হওয়া নওগাঁ সদর উপজেলার বিতর্কিত ‘বিবিসি ব্রিকস’ ইটভাটা পুনরায় চালুর চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে প্রায় পাঁচ মাস পর আবারও ইট পোড়ানোর প্রস্তুতি নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২৭ জুলাই) সরেজমিনে নওগাঁ-বদলগাছী আঞ্চলিক মহাসড়কের শশীর মোড় এলাকায় গিয়ে দেখা যায়, জনবসতি ও প্রধান সড়কের পাশে অবস্থিত ‘বিবিসি ব্রিকস’ ইটভাটায় নতুন করে চুলা প্রস্তুতের কাজ চলছে। ভাটায় ইট পোড়ানোর জন্য শ্রমিকদের ব্যস্তভাবে কাজ করতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ মার্চ সকাল প্রায় ১১টার দিকে কীর্ত্তিপুর ইউনিয়নের কাদিমপুর এলাকায় বিবিসি ব্রিকসের মাটি বহনকারী একটি দ্রুতগতির ট্রাক্টরের চাপায় রিমন হোসেন (৩০) নামে এক শিক্ষক নিহত হন। তিনি স্থানীয় শাহীন হোসেনের ছেলে এবং একটি কোচিং সেন্টারের শিক্ষক ছিলেন। মোটরসাইকেলে করে পড়াতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা শশীর মোড়ে অবস্থিত বিবিসি ব্রিকসে হামলা চালিয়ে চারটি ট্রাক্টর ও একটি ভেকু (এক্সকাভেটর) আগুনে পুড়িয়ে দেয়। পরে তারা নওগাঁ-বদলগাছী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ইটভাটাটি স্থায়ীভাবে বন্ধের দাবিতে বিক্ষোভ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎকালীন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। প্রশাসনের পক্ষ থেকে ইটভাটাটি বন্ধের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।
পরবর্তীতে প্রশাসনের উদ্যোগে বিবিসি ব্রিকসের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। ভাটার চুল্লি ভেঙে ফেলা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের সেই পদক্ষেপ উপেক্ষা করে মালিকপক্ষ আবারও ভাটাটি চালুর প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে বিবিসি ব্রিকসের স্বত্বাধিকারী শহীদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার বিষয়টি স্বীকার করেন। পরে তিনি আর কোনো মন্তব্য না করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের জরিপ অনুযায়ী নওগাঁ জেলায় সচল ১৫০টি ইটভাটার মধ্যে ১২৫টিরই পরিবেশগত ছাড়পত্র নেই। এর মধ্যে বিবিসি ব্রিকসও একটি অবৈধ ইটভাটা।
এ বিষয়ে নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন বলেন, “ভাটাটি সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। শিক্ষক নিহতের ঘটনার পর এর চুল্লি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। এটি আবার চালুর চেষ্টা হচ্ছে বলে খবর পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে কোনো ইটভাটা পরিচালনার সুযোগ দেওয়া হবে না।”
স্থানীয়দের দাবি, বিবিসি ব্রিকসের ট্রাক্টরের বেপরোয়া চলাচলের কারণে অতীতেও একাধিক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। ফলে ভাটাটি পুনরায় চালুর খবর ছড়িয়ে পড়ায় এলাকায় আবারও উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জনস্বার্থ, পরিবেশ সংরক্ষণ এবং সড়ক নিরাপত্তার স্বার্থে অবৈধ এই ইটভাটাটি চিরতরে বন্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।















