নওগাঁ শহরের ছাত্রাবাস থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১০:১৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৫) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শহরের বাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার জননী ছাত্রাবাসের ১০৯ নম্বর কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইমন নওগাঁর মান্দা উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইমন জননী ছাত্রাবাসের ১০৯ নম্বর কক্ষে একাই থাকতেন। শুক্রবার সন্ধ্যায় গ্রামের বাড়ি থেকে ছাত্রাবাসে ফেরার পর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ হয়নি। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে শনিবার সকাল ৯টার দিকে তাঁর মামা ছাত্রাবাসে এসে দরজায় ডাকাডাকি করেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে সেখানে থাকা শিক্ষার্থীদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়।
পরে কক্ষের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইমনের মরদেহ দেখতে পান তাঁরা। খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি পুলিশ। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।















