পাবনায় নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে থানা ঘেরাও, দুপক্ষের সংঘর্ষ ও অগ্নিসংযোগ
- আপডেট সময় : ০৮:১৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
নিষিদ্ধ আওয়ামীলীগের ঘোষিত ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পাবনার বিভিন্ন এলাকায় সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।
বিভিন্ন স্থানে সড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি, অগ্নিসংযোগ এবং বিএনপি নেতা কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ছাড়া রাজপথে অবরোধ চলাকালে আওয়ামীলীগ নেতাকর্মীদের হাতে ভারী দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতেও দেখা গেছে।
বৃহস্প্রতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পাবনার বেড়া মডেল থানা ঘেরাও করে মিছিল ও বিভিন্ন স্লোগান দেন নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের মধ্যে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে, এ সময় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াতে দেখা যায় উভয় পক্ষকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টহলে বের হলে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে আওয়ামীলীগের নেতাকর্মীরা রাজপথ ছেড়ে চলে যান | এদিকে, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে সড়কের ওপর গাছ কেটে ফেলে টায়ারে আগুন জ্ব|লিয়ে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করে ।
পাবনার সাঁথিয়া উপজেলার বিভিন্ন স্থানে সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। নাজিরগঞ্জের দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া সুজানগরেও সড়কের ওপর গাছ ফেলে এবং ঈশ্বরদীর রুপপুরের পাশে রেললাইনে টায়ার জালিয়ে লকডাউন পালন করেন আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এতে রাজপথে অবরোধের সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে ভারী দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার দৃশ্য স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও সংঘর্ষের কারণে বিভিন্ন এলাকায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়।
বেড়া মডেল থানা ঘেরাও এর বিষয়ে বেড়া থানার ওসি নয়ন কুমার সরকার বলেন, পুলিশ সদস্যরা এলাকার বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা সামাল দিতে তারা ব্যস্ত ছিলেন। থানা ঘেরাওয়ের কোনো তথ্য তার জানা নেই। তবে সাবেক ডেপুটি স্পিকারের বাড়ির পাশে থাকা খড়ের পালায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে তিনি জানতে পেরেছেন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



















