পুলিশ সুপারের নির্দেশে নিয়ামতপুরে মাদকবিরোধী বড় অভিযান, চোলাই মদের কারখানা উন্মোচন; গ্রেপ্তার ২
- আপডেট সময় : ০১:৪৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নিয়ামতপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে একটি চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল মাদক ট্যাবলেট, বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ ও প্রস্তুত মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জুলাই ২০২৬ (শনিবার) সন্ধ্যায় মান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।
অভিযানের শুরুতে চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজার এলাকা থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল মাদক ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মহাদেব সরদার (পিতা: রবিলাল সরদার) এবং ভুট্টু সরদার (পিতা: দেবরাজ সরদার), উভয়ের বাড়ি ছাতড়া, চন্দননগর ইউনিয়ন, নিয়ামতপুর।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ ছাতড়া কলকুলা পাড়ায় পলাতক শিল্পী (পিতা: আনন্দ সরদার) ও কেতকী (স্বামী: মৃত জোতিন সরদার)-এর বসতবাড়িতে অভিযান চালায়। সেখানে একটি চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।
অভিযানে আনুমানিক ১,৩১০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ, ২৬ লিটার প্রস্তুত চোলাই মদ এবং কয়েকশত কোমল পানীয়ের বোতল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এসব বোতলে চোলাই মদ ভরে বিক্রি করা হতো।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।






















