পোরশার ঘাটনগর ইউনিয়নের বানইল গ্রামের রাস্তা সংস্কারের জোর দাবি, চরম দুর্ভোগে এলাকাবাসী
- আপডেট সময় : ০৮:১৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
নওগাঁ জেলার পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের বানইল গ্রামের প্রধান সড়কটির দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। বেহাল ও চলাচলের অনুপযোগী এই রাস্তার কারণে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ, অসুস্থ রোগী, কৃষকসহ সাধারণ মানুষকে।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে রাস্তার উন্নয়ন না হওয়ায় বর্ষা মৌসুমে কাদায় ভরে যায় এবং শুষ্ক মৌসুমে ধুলাবালুর কারণে চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। জরুরি প্রয়োজনে রোগী হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের স্কুলে যাওয়া এবং কৃষিপণ্য পরিবহনে প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
এলাকাবাসীর ভাষ্য, এটি শুধু একটি রাস্তার সমস্যা নয়; বরং শিক্ষা, চিকিৎসা, কৃষি ও মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ জনদুর্ভোগের বিষয়। তাই তারা সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে দ্রুত রাস্তা সংস্কারের জোর দাবি জানিয়েছেন।
বানইল গ্রামের বাসিন্দাদের প্রত্যাশা, জনগণের দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটাতে কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং রাস্তা সংস্কারের কাজ শুরু করবে। এলাকাবাসী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।















