ময়মনসিংহে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০২:১৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকেলে টাউন হল প্রাঙ্গণের ভাষাসৈনিক শামসুল হক মঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ জাকির হোসেন বাবলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবির মোঃ মামুন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এডভোকেট দিদারুল ইসলাম খান রাজু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা সরাফ উদ্দিন কোহিনুর, শাহ শিব্বির আহমেদ বুলু, আজাদ জাহান শামীম, বিএনপির সদর থানার আহ্বায়ক হেলাল আহমেদ হেলালসহ যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশন মোড়ে গিয়ে শেষ হয়। র্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
















