সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, ভোগান্তিতে নিউটন প্রিপারেটরি স্কুলের শিক্ষার্থী ও পথচারীরা
- আপডেট সময় : ০৫:৫১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে
গাইবান্ধা সদর উপজেলা ব্র্যাক অফিসের সামনে, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউনের পূর্ব পাশে অবস্থিত নিউটন প্রিপারেটরি স্কুল সংলগ্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। ফলে স্কুলগামী শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রাস্তায় হাঁটুসমান পানি জমে থাকে। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে চরম দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
এলাকাবাসী জানান, সামান্য বৃষ্টিতেই রাস্তা পানিতে তলিয়ে যায়। দীর্ঘদিন ধরে এ সমস্যা থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত পানি নিষ্কাশনের জন্য বাইপাস ড্রেন নির্মাণ বা বিদ্যমান ড্রেন পরিষ্কার করার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা গাইবান্ধা পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ কমে এবং স্থায়ীভাবে জলাবদ্ধতার সমস্যার সমাধান হয়।
















