স্থানীয় সরকার নির্বাচনে নারীর নেতৃত্ব বিকাশে বিভাগীয় নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৩৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ১৩৪ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার নির্বাচনে নারীর নেতৃত্ব, অংশগ্রহণ ও কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে নারীপক্ষ পরিচালিত ‘জনজীবনে নারীর নেতৃত্ব বিকাশ প্রকল্প’-এর উদ্যোগে রাজশাহীতে বিভাগীয় নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পটি নরওয়ে এবং ইউএন উইমেনের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।
শুক্রবার (৩১ জুলাই) রাজশাহীর আশ্রয় ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক নাসিমা আক্তার। সভার শুরুতে তিনি অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বলেন, স্থানীয় সরকারে নারীর কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ঐশ্বর্য রায়
তিনি স্থানীয় সরকার নির্বাচনে নারীর বর্তমান অবস্থান, নেতৃত্বের সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং উত্তরণের বিভিন্ন কৌশল তুলে ধরেন। একই সঙ্গে সম্ভাবনাময় নারী প্রার্থী চিহ্নিতকরণ, নেতৃত্ব বিকাশ এবং নির্বাচনী প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ সময় প্রকল্প ব্যবস্থাপক আসমা শবনম এবং প্রকল্প কর্মকর্তা পূজয়িতা দত্ত নির্বাচনী প্রচারণায় নেটওয়ার্ক সদস্যদের ভূমিকা, নারী প্রার্থীদের নিরাপত্তা, সহিংসতা প্রতিরোধ, নির্বাচনী প্রচারণার কৌশল এবং তৃণমূল পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
দিনব্যাপী এ নেটওয়ার্কিং সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার নারী নেত্রী, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, শিক্ষক, সমাজকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা নারী নেতৃত্বের বিকাশ, স্থানীয় সরকারে নারীর কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে মতবিনিময় করেন।
সভার শেষে নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করা এবং স্থানীয় সরকার নির্বাচনে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
















