হোসেনপুরে ফিলিস্তিনমুখী ত্রাণবাহী জাহাজ আটকের নিন্দায় মানববন্ধন
- আপডেট সময় : ০৯:৫৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ২১৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হোসেনপুরে ফিলিস্তিনমুখী ত্রাণবাহী জাহাজ আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় হোসেনপুর হাসপাতাল চৌরাস্তায় বাংলাদেশ ফিলিস্তিন সংহতি পরিষদ, হোসেনপুর শাখা-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনের সভাপতিত্ব করেন ফিলিস্তিন সংহতি পরিষদের আহ্বায়ক মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির। বক্তারা বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমসহ ফিলিস্তিনমুখী ত্রাণবাহী জাহাজে থাকা চিকিৎসক, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের আটককে মানবতার বিরুদ্ধে কর্মকাণ্ড হিসেবে নিন্দা জানান। সমাবেশে বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক আলাল মিয়া, হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ কে এম মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, তপন চন্দ্র সরকার, শ্রমিক সংগঠনের সদস্য সচিব এবায়াদুল ইসলাম এবং কৃষক সংগঠনের নেতা জমির উদ্দীন প্রমুখ।
বক্তারা বলেন, “মানবতার ডাকে ফিলিস্তিনে সহায়তা পৌঁছে দিতে যাওয়া জাহাজে হামলা ও আটক অমানবিক ও ন্যক্কারজনক। অবিলম্বে আটক ব্যক্তিদের মুক্তি দিতে হবে এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
















