৫ আগস্টের পরেও বিএনপির নেতাকর্মীরা মামলায় আসামী হচ্ছে-নাজমুল মোস্তফা আমিন
- আপডেট সময় : ১১:৩২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ৩১১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন বলেছেন, বিগত ১৭ টি বছর বিএনপি ও সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা স্বৈরাচারীনী হাসিনার লেলিয়ে দেয়া সন্ত্রাসী এবং পুলিশি হয়রানির কারণে একটি রাতেও শান্তিতে ঘরে ঘুমাতে পারেনাই। তাই আমরা অপরাধীদের ক্ষমা করতে চাই না। আমরা চাই না কোন অপরাধী এই বাংলাদেশে বুক উঁচিয়ে চলাফেরা করুক। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় গত ৫ ই আগস্টের পরেও আমাদের বিএনপির নেতাকর্মীদের মামলার আসামী হতে হচ্ছে।
শুক্রবার রাতে বিএনপি ঘোষিত সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নে লোহাগাড়া সদর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা একটি আদর্শিক এবং সুশৃঙ্খল রাজনৈতিক দল। আমরা যারা বিএনপির রাজনীতি করি আমাদের খেয়াল রাখতে হবে আমাদের কারণে যেন কোন নিরপরাধ মানুষ কষ্ট না পায়। নিরপরাধ কোন ব্যাক্তি নির্যাতন কিংবা মিথ্যা মামলায় হয়রানি হোক সেটা আমরা চাই না। আমরা কোন ধরনের জুলুম চাই না। আমরা শান্তি চাই, মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার সহ স্বাধীনভাবে চলার অধিকার ফিরে পেতে চাই।
তিনি বলেন, আগামীদিনের রাজনীতি হবে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের গড়ার রাজনীতি, নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের রাজনীতি। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে গণমানুষের মুখে হাসি ফোঁটানো হবে। এজন্য ঐক্যবন্ধ ভাবে কাজ করতে হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উন্নয়ন ও সমৃদ্ধশীল দেশ গঠনের স্বপ্ন দেখছেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তোলবার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশকে উন্নয়ন, সমৃদ্ধশীল অর্থনীতি গঠনের প্রতিজ্ঞা নিয়ে দেশের সর্বস্থরের মানুষকে সম্পৃক্ত করে এগিয়ে যাচ্ছেন। গণমানুষের দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। গণমানুষের প্রত্যাশা পূরণে অতিতের ন্যায় আগামীতেও কাজ করে যাবে বিএনপি। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা নাগরিক সেবা সহ সকল ধরনে সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করবে দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা।
লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আলমের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের ১নং সহসভাপতি আবু সেলিম, উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এহেছানুল হক,আবুল হাশেম, লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, চরম্বা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহা আলম, পদুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম,আমিরাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম,সদস্য সচিব মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমদ, সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শামসুল ইসলাম, সদস্য সচিব সিরাজুল ইসলাম প্রমুখ।













