চবির আমানত হলে খাবারের মধ্যে শামুক, ম্যানেজারকেই খাওয়ালেন শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৮:৫২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ৩১৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক শাহ আমানত হলের ডাইনিংয়ে খাবারের মধ্যে শামুক ও নিম্নমানের খাবার পরিবেশন করায় ক্ষুব্ধ হলটির শিক্ষার্থীরা। এর ক্ষোভ প্রকাশ করে ম্যানেজারকেই সেই খাবার খাওয়ালেন তারা।
শনিবার (২ নভেম্বর) রাতে শাহ আমানত হলের ডাইনিংয়ে এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, প্রতিদিনের মত গতকালও হলের ডাইনিংয়ে খাবার খেতে যান শিক্ষার্থীরা। এ সময় খাবারের মধ্যে শামুক পান তারা। এ ছাড়া শাক রান্নায় শাকের চেয়ে পানির পরিমাণ বেশি। খাবারের এমন নিম্ন মানে ক্ষুব্ধ হয়ে সেই খাবার ম্যানেজারকে খেতে বাধ্য করেন তারা। এরপর কিছু সময়ের জন্য তারা ম্যানেজারকে ডাইনিংয়ে তালাবদ্ধ করে রেখে প্রক্টরকে খবর দেন।
এ বিষয়ে শাহ আমানত হলের শিক্ষার্থী জাহিদ সজল বলেন, দুপুরের খাবারেও শাক ভালো করে সিদ্ধ করা হয়নি। তরকারিতে আলুও শক্ত ছিল। দীর্ঘদিন ধরেই হলে খাবার নিয়ে এসব সমস্যা চলছে। রাতে আবার খাবারের মধ্যে শামুক পাওয়া গেলে। এটা দেখে শিক্ষার্থীরা ক্ষেপে গিয়েছে। পরে ওই ম্যানেজারকে সেই খাবার খাওয়ানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, গতকালের ঘটনায় শিক্ষার্থীরা বেশকিছু দাবি জানিয়েছে। আজ আমরা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক), হল প্রভোস্ট, আবাসিক শিক্ষক এবং শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করেছি। সেখানে গতকালের বিষয়ে সিন্ধান্ত নেওয়া হবে।















