ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
- আপডেট সময় : ১০:২০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চাঞ্চল্যকর মুকুল মল্লিক হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৬ এপ্রিল রাতে পারিবারিক কলহের জেরে হরিণাকুণ্ডু উপজেলার বাসিন্দা মুকুল মল্লিক বাড়ি থেকে নিখোঁজ হন। পরবর্তীতে ১৩ এপ্রিল উপজেলার গোপীনাথপুর গ্রামের বাঘমারা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের মা আর্জিনা বেগম বাদী হয়ে একই দিন হরিণাকুণ্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা পরকীয়াজনিত কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে তদন্তে উল্লেখ করে ২০১৮ সালের ৬ জুন আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন এবং অপর দুই আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন নিহতের স্ত্রী মোছা. ফিরোজা খাতুন, মো. আলমগীর হোসেন এবং মো. বিল্লাল হোসেন।
মামলার অন্যতম আসামি আলমগীর হোসেন বর্তমানে পলাতক রয়েছেন। আদালত তার বিরুদ্ধে সাজা উল্লেখপূর্বক গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. ফারুক হোসেন ও মো. মাসুদ রানাকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।




















