পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান, বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ! ০১ জন আটক
- আপডেট সময় : ১০:৪৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ জুন) দুপুর আনুমানিক ১৪:৩০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনার একটি আভিযানিক দল পাবনা শহরের স্টেডফাস্ট কুরিয়ার থেকে নকল লেবেলযুক্ত ৮ (আট) কার্টন ভেজাল ম্যাজিক মশলা জব্দ করে এবং মোঃ সবুজ ইসলাম (৪২), পিতা: মৃত ইয়াকুব আলী মণ্ডল, সাং: হেমায়েতপুর (মেন্টালপাড়া), থানা: পাবনা সদর, জেলা: পাবনাকে আটক করে।
পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমেল হক-এর উপস্থিতিতে তার বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আরও ৯ (নয়) কার্টন নকল লেবেলযুক্ত ভেজাল ম্যাজিক মশলা, ৩ (তিন) বস্তা ভেজাল ম্যাজিক মশলা, আধা বস্তা টেস্টিং সল্ট এবং ভেজাল পণ্য প্রস্তুত ও মোড়কজাতকরণে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানকালে আটক ব্যক্তি জব্দকৃত পণ্য উৎপাদন ও সংরক্ষণের বিষয়ে কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হন। এ প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমেল হক তাকে ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং জব্দকৃত সকল ভেজাল পণ্য ও সংশ্লিষ্ট উপকরণ ধ্বংসের নির্দেশ প্রদান করেন।
জনস্বাস্থ্য ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভেজাল ও নকল খাদ্যপণ্য উৎপাদন, মজুদ এবং বাজারজাতকরণের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা-র এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















