নওগাঁর পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে আরসিসি রাস্তার ঢালাই কাজের উদ্বোধন
- আপডেট সময় : ১২:০৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে আরসিসি (রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট) রাস্তার ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমামুল আরেফিন।
উদ্বোধনকালে ডা. ইমামুল আরেফিন বলেন, “হাসপাতালে আগত রোগী, তাদের স্বজন এবং কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াত নির্বিঘ্ন ও সহজ করতেই এই আরসিসি রাস্তার নির্মাণ কাজ শুরু করা হয়েছে। কাজটি সম্পন্ন হলে হাসপাতালের পরিবেশ আরও সুন্দর ও আধুনিক হবে। পাশাপাশি বর্ষাসহ যেকোনো আবহাওয়ায় রোগী ও সেবাগ্রহীতারা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।”
তিনি আরও বলেন, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জন্য আরও মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে হাসপাতালের এ উন্নয়নমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং দ্রুত কাজ সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেন।















